সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ
চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর (শুক্রবার) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিক্ষোভ কর্মসূচি সফল করতে দলের সব স্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণেই দেশে আজ নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করার কারণে ফ্যাসিবাদবিরোধী জনতা বর্তমান সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। বিশেষ করে গোপালগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় সাম্প্রতিক সময়ে যা ঘটছে, তা কোনোভাবেই একটি নির্বাচিত সরকারের আমলে কাম্য হতে পারে না।
প্রতিবেশী দেশের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথম অপরাধ করেছে। এখন আবার বলা হচ্ছে তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠাতে হবে—এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, পুলিশের ওপর হামলা চালানো হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এতে স্পষ্ট যে, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না এবং দেশে কোনো কার্যকর সরকার আছে বলেও মনে হচ্ছে না। গোপালগঞ্জ বা মাদারীপুরের মতো জেলাগুলো যে বাংলাদেশেরই অংশ, বর্তমান পরিস্থিতি দেখে তা মনে হয় না।
সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে রাষ্ট্রপতিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জানমালের সুরক্ষা দিতে রাষ্ট্রপতির জরুরি ও জোরালো ভূমিকা অত্যন্ত প্রয়োজন।
প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রশাসনসহ সরকারের প্রতিটি স্তরে ফ্যাসিবাদের সহযোগীরা এখনো ওত পেতে আছে। তাদের অবিলম্বে চিহ্নিত করে শক্তহাতে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের পবিত্র মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।
Comments