বরিশালের মেহেন্দিগঞ্জ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার অফিস শেষ করে বাসায় না ফেরায় এবং বুধবার (১৮ নভেম্বর) আদালতেও অনুপস্থিত থাকায় তার নিখোঁজের বিষয়টি জানাজানি হয়। পরিবারের পক্ষ থেকে জানানো অভিযোগের ভিত্তিতে বর্তমানে তার সন্ধান চলছে।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, বিচারক শেখ ফারহান নাদীম মঙ্গলবার যথারীতি অফিস করেছিলেন। কিন্তু এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি এবং বুধবারও আদালতে উপস্থিত হননি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানোর পর তার খোঁজ নেওয়া হচ্ছে।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মঙ্গলবার বিকেলের দিকে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় ওই বিচারকের উপস্থিতির তথ্য মিলেছিল। এরপর থেকেই তার ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি বিকেল ৫টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় মাস্ক পরিহিত অবস্থায় তাকে একটি রিকশায় করে যেতে দেখা গেছে বলেও সূত্রটি জানিয়েছে।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি আবুল কালাম আজাদ জানান, মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক বুধবার আদালতে উপস্থিত না হওয়ায় পরে খোঁজ নিয়ে তার নিখোঁজ থাকার বিষয়টি তারা জানতে পারেন। আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদও একই তথ্য নিশ্চিত করে জানান যে, মঙ্গলবার বিকেল থেকে বিচারক নিখোঁজ রয়েছেন এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তবে এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানিয়েছেন, এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
Comments