এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে যৌথ টিমকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, 'আগুন লেগেছে না লাগিয়েছে, এটা তদন্ত করতে আমি অলরেডি নির্দেশ দিয়েছি যৌথ টিমকে।'
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
প্রাথমিক তদন্তের তথ্যা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরেজমিন বিজিবি টিম ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রলবোমার কোনো চিহ্ন বা বিস্ফোরণের শব্দ পায়নি। বাড়ির দেয়ালে পোড়ার কোনো চিহ্নের পাশাপাশি কোনো প্রত্যক্ষদর্শীর কাছেও পেট্রলবোমার তথ্য মেলেনি। ফলে প্রাথমিকভাবে সেখানে পেট্রলবোমা ব্যবহারের সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মন্ত্রী আরও বলেন, পুরোনো বাড়ি হওয়ায় সেখানকার বৈদ্যুতিক ওয়ারিংয়ে ত্রুটি থাকতে পারে এবং প্রাথমিক কিছু আলামত দেখে এটি শর্টসার্কিটজনিত ঘটনা বলেও অনুমান করা হচ্ছে। তবে সবকিছুই তদন্তসাপেক্ষ। অধিকতর তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরই আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ তা তদন্ত করছে। স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, 'এই ঘটনায় কোনো নাশকতা থেকে থাকলে সরকার জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে।'
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি ফেসবুক পোস্টে তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেন।
Comments