আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে ২জন আহত, ২০ কারখানা বন্ধ ঘোষণা
মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এই সংঘর্ষে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন এবং উত্তপ্ত পরিস্থিতিতে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে আহত দুই শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— স্টারলিং স্টাইলস লিমিটেডের ফিনিশিং অপারেটর আলমগীর হোসেন (৩০) এবং একই কারখানার সুইং অপারেটর রাজিয়া বেগম (৪০)।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, আহত অবস্থায় ওই দুই পোশাকশ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। রাজিয়া বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর প্রাথমিক চিকিৎসা নিয়ে আলমগীর হাসপাতাল ছেড়ে গেছেন। আহতদের শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে শ্রমিকদের আহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সড়ক অবরোধকারীদের বুঝিয়ে সরাতে ব্যর্থ হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবল কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে, কোনো রাবার বুলেট ব্যবহার করা হয়নি। শ্রমিকরা কেউ আহত হয়ে থাকলে তা ইটপাটকেলের আঘাতেই হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর এড়াতে এলাকার প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, সকালে নির্ধারিত সময়ে অধিকাংশ কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকেন। একপর্যায়ে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এই অস্থিরতা নিরসনে শ্রমিকদের মাঝে আস্থার পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন। তিনি বলেন, 'মালিকপক্ষ দ্রুত মজুরি বোর্ডে প্রস্তাব দিলে বেতন বৃদ্ধির বিষয়ে শ্রমিকদের মনে থাকা সন্দেহ অনেকটাই দূর হতো। কিন্তু অনেক কারখানার মালিক শ্রমিকদের কাজ না করলে কারখানা বন্ধ এবং চাকরি হারানোর হুমকি দিচ্ছেন। শ্রমিকদের মধ্যে আস্থার জায়গা তৈরি করা গেলেই কেবল এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।'
Comments