আগামীকাল ঢাকায় বিএনপির শোভাযাত্রা, থাকবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ সূচনা করবেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উদ্বোধনী বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শোভাযাত্রার উদ্বোধন করবেন। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে ডান দিকে মোড় নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।
এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।
রুহুল কবির রিজভী আরও জানান, গত ৫ নভেম্বর থেকে ৭ দিনের এই কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল রাজধানীসহ দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে। শেখ হাসিনার সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত দিবসটির রাষ্ট্রীয় পালন বন্ধ রেখেছিল উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় পর এবার রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং উপস্থিত ছিলেন।
Comments