রাজধানীর মার্কেটগুলো যেন মৃতপ্রায়!
একসময় ক্রেতাদের পদচারণায় মুখর থাকত রাজধানীর কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স। কিন্তু ব্যবসায় মন্দা আর ক্রেতা সংকটে শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে মার্কেটটি। গেটে ঝুলছে বন্ধের ব্যানার। এর সঙ্গে থেমে গেছে বহু মানুষের জীবিকা।
বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে কেউ স্মৃতিচারণ করছেন, কেউ প্রকাশ করছেন আক্ষেপ। এই মার্কেটের সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের স্মৃতি। একসময় যেখানে ছিল কেনাকাটার ব্যস্ততা, আজ সেখানে নীরবতা।
মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় শুধু কেনাকাটার জায়গা হারাননি মানুষ, কর্মসংস্থানও হারিয়েছেন অনেক কর্মচারী। দীর্ঘদিনের কর্মস্থল হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাঁদের অনেকে।
শুধু কর্ণফুলী গার্ডেন সিটি নয় বন্ধ হওয়ার উপক্রম রাজধানীর আরো অনেক মার্কেট। বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে ক্রেতা সংকটের চিত্র। সারাদিন দোকান খুলে বসে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত বিক্রি। অথচ দোকানভাড়া, কর্মচারীর বেতন ও অন্যান্য খরচ ঠিকই দিতে হচ্ছে ব্যবসায়ীদের।
গত কয়েক মাস ধরে বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে। সারাদিনে দুই হাজার টাকার পণ্য বিক্রি করাও কঠিন হয়ে পড়েছে। অনেককে দোকানের খরচ চালাতে হচ্ছে বাসা থেকে টাকা এনে। এভাবে আর কতদিন ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব, তা নিয়েই দুশ্চিন্তায় তাঁরা।
ব্যবসায়ীদের মতে, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় শপিংমলে কেনাকাটা কমেছে। বাড়তি খরচ আর কম বিক্রির চাপে ছোট-বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠানই পড়েছে ঝুঁকিতে। কর্ণফুলী গার্ডেন সিটির বন্ধ হয়ে যাওয়া যেন সেই সংকটেরই একটি দৃশ্যমান উদাহরণ।
Comments