তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। তাদের অবরোধের কারণে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।
আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান সাড়ে ১২ হাজার টাকা বেতনে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি কোনো ধরনের অন্যায়ভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্ত না করা এবং অযৌক্তিকভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা প্রথমে একত্রিত হয়ে বিক্ষোভ করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
Comments