দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে জোর দিলেন প্রধানমন্ত্রী
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের মেগা প্রকল্পগুলোর পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলমান রয়েছে। আগামী বছরের (২০২৭) সেপ্টেম্বরের মধ্যে এই সমীক্ষাকাজ সফলভাবে শেষ হবে বলে আশা করা হচ্ছে। সমীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর সেতু দুটির চূড়ান্ত ভৌগোলিক অবস্থান, সুনির্দিষ্ট নকশা এবং আনুমানিক প্রকল্প ব্যয় চূড়ান্ত করা হবে। এছাড়া বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতুর যাতায়াত ব্যবস্থাকে আরও গতিশীল ও সুগম করতে ওয়াই আকৃতির সংযোগ সড়ক (কানেক্টিং রোড) নির্মাণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়িত হলে তা কেবল যোগাযোগ ব্যবস্থারই নয়, বরং রংপুরসহ পুরো উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার আমূল পরিবর্তন আনবে বলে বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।
দেশের দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা ও সুরক্ষার অংশ হিসেবে 'পদ্মা ব্যারেজ' প্রকল্প নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র পানির সংকট নিরসন, কৃষি উৎপাদনে নতুন গতি আনয়ন, নদীর স্বাভাবিক প্রবাহ ও জ্যৈষ্ঠতা বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে প্রস্তাবিত ব্যারেজের ওপর দিয়ে নতুন সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাব্যতাও খতিয়ে দেখা হচ্ছে।
সভায় এই তিনটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের জন্য প্রয়োজনীয় স্বচ্ছ অর্থায়ন নিশ্চিতকরণ, সময়মতো ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও কাজের সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
Comments