তাহসিফ সাউরি হত্যা মামলা: বন্ধু দীপের ফের ৩ দিনের রিমান্ড
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চার দিনের রিমান্ড শেষে আজ আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন যে গত ২৭ অক্টোবর সন্ধ্যার দিকে তিনি তাহসিফকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর তাহসিফ, দীপ ও মামলার আরেক সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশা (১৯) বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন এবং একপর্যায়ে দিশা বাসায় ফিরে যান। পরবর্তীতে ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাছের বস্তি এলাকায় পৌঁছান। সেখান থেকে বাজার বস্তির ভেতর দিয়ে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠের দিকে যাওয়ার সময় কয়েকজন লোককে দেখে তারা আলাদা হয়ে যান।
তদন্ত কর্মকর্তা জানান, মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও দিশার সঙ্গেই দেখা গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, রেস্তোরাঁয় অবস্থানকালে দীপের গোপনীয় যোগাযোগ এবং ঘটনার সঙ্গে অন্য কোনো উদ্দেশ্য বা যোগসূত্র রয়েছে কি না—তা খতিয়ে দেখতে আসামিকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা জরুরি। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, আলামত উদ্ধার এবং জড়িত অন্যান্যদের শনাক্ত করতে এই রিমান্ড প্রয়োজন বলে রাষ্ট্রপক্ষ যুক্তি তুলে ধরে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে ফের রিমান্ডে নেওয়া প্রয়োজন। তিনি সুকৌশলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে অন্য কোনো পক্ষের সংশ্লিষ্টতা আছে কি না, তা যাচাই করা দরকার।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মুতাসিম বিল্লাহ ও মনিরুল ইসলাম রিমান্ডের বিরোধিতা করে বলেন, বারবার রিমান্ডে নিয়ে আসামির ওপর চাপ সৃষ্টি করে জবানবন্দি আদায়ের চেষ্টা চলছে। চার দিনের রিমান্ড শেষ হওয়ার পর আবারও নতুন করে রিমান্ড চাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে তারা দাবি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দীপের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৩১ অক্টোবর আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এছাড়া একই মামলায় গত ১ নভেম্বর নিহতের বান্ধবী জেরিকা তাসনিম দিশাকেও চার দিনের রিমান্ডে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি। এর পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে গত ৩০ অক্টোবর রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ সন্দেহভাজন হিসেবে দীপকে গ্রেপ্তার করে।
Comments