মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সংশোধিত নীতিমালা প্রকাশ
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতে 'সড়ক পরিবহন বিধিমালা, ২০২২' সংশোধন করেছে সরকার। সংশোধিত এই বিধিমালায় মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা ও নম্বর লেখার বিন্যাসে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে বিভিন্ন মডেলের মোটরসাইকেলের কাঠামো ও নকশা বিবেচনা করে সামনে নম্বরপ্লেট স্থাপনের পথ আরও সুগম হলো।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের সই করা এই সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপনটি গত ১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত এই বিধান অবিলম্বে কার্যকর হবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে 'সড়ক পরিবহন বিধিমালা, ২০২২'-এর ৩৬ বিধির মোটরসাইকেলের নম্বরপ্লেট-সংক্রান্ত বিধানে এই সংশোধনী আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী—
-
মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনে নম্বর লেখার সুযোগ রাখা হয়েছে।
-
মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের বিভিন্ন বৈশিষ্ট্য (যেমন—অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের আকার) নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) দেওয়া হয়েছে।
-
নম্বরপ্লেটের উল্লম্ব অংশে ফাঁকা জায়গার পরিমাণ, দুটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা স্থানের দৈর্ঘ্য এবং দ্বিতীয় লাইনে সংখ্যাগুলোর মধ্যবর্তী হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে কর্তৃপক্ষ।
-
একই লাইনে রেজিস্ট্রেশন মার্ক লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ, প্রচলিত বিন্যাসের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প বিন্যাস ব্যবহারের বিধিগত সুযোগ তৈরি হলো।
-
এ ছাড়া মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নম্বরপ্লেটের দৃশ্যমানতা ও শনাক্তকরণে সহায়ক ভূমিকা পালন করবে।
সংশ্লিষ্টদের মতে, বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো ভিন্ন হওয়ায় সব ক্ষেত্রে একই মাপ ও বিন্যাসের নম্বরপ্লেট ব্যবহার করা বাস্তবসম্মত ছিল না। অনেক বাইকের সামনে প্রচলিত আকারের নম্বরপ্লেট স্থাপন করা কঠিন হতো। নতুন এই সংশোধনীর ফলে বাইকের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের আকার ও বিন্যাস নির্ধারণের পথ উন্মুক্ত হলো।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা ও অটোমেটেড নম্বর প্লেট রিকগনিশন (এএনপিআর) প্রযুক্তির মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলকেও ক্যামেরার আওতায় নিয়ে আসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল।
সংশোধিত বিধিমালা প্রকাশের ফলে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের বিষয়ে বিআরটিএর প্রয়োজনীয় নির্দেশনা ও বাস্তবায়ন কার্যক্রম গ্রহণের বিধিগত ভিত্তি তৈরি হয়েছে। এখন কোন ধরনের মোটরসাইকেলে কী আকারের নম্বরপ্লেট স্থাপন করা হবে এবং নম্বরের বিন্যাস কেমন হবে—সে বিষয়ে বিআরটিএর পরবর্তী নির্দেশনা ও পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Comments