পোশাক খাতে অস্থিরতা রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
তৈরি পোশাক খাতে উৎপাদন সচল রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে পোশাক খাতে কৃত্রিম অস্থিরতা সৃষ্টির যে পাঁয়তারা চলছে, সরকার তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে।
গতকাল রবিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক অসন্তোষ সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর যে দাবি ছিল, তার প্রেক্ষিতে ইতোমধ্যে নতুন মজুরি বোর্ড গঠনসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এরপরও পোশাক খাতে উৎপাদন ব্যাহত করতে এবং সুপরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। সরকারের মূল্যায়নে, আসন্ন ডিসেম্বরকে লক্ষ্য করে পতিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পরিস্থিতি তৈরি করছে। এ বিষয়ে দেশের স্বার্থে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল সন্ধ্যায় সচিবালয়ে শ্রমিক অসন্তোষের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা এবং তা মোকাবিলায় করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের বিক্ষোভের নেপথ্য কারণ এবং পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে গতকাল দিনভর রাজধানীর মিরপুর, গাজীপুর, আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বিভিন্ন স্থানে তারা দফায় দফায় সড়ক অবরোধ করলে কিছু এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শ্রমিকদের এই আন্দোলনের প্রেক্ষাপটে পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং প্রধান শিল্পাঞ্চলগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। একই সঙ্গে শ্রমিকদের দাবিদাওয়া ও অসন্তোষের বাস্তব কারণগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরিস্থিতি দ্রুত শান্ত করার বিষয়েও বৈঠকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
Comments