পোশাক খাতের অস্থিরতা দূর করতে মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি বৈঠক
তৈরি পোশাকশিল্প খাতের চলমান অস্থিরতা নিরসনে মালিকপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। এ ছাড়া শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও বৈঠকে অংশ নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলন এবং দেশের বিভিন্ন কারখানায় বিরাজমান অস্থিরতা নিরসনে গতকাল রবিবার প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দেন। এর পরই আজ এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গতকালই শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের একটি নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ঢাকার প্রবেশপথসহ আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিকেরা। এই সংকট নিরসন এবং পোশাক খাতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতেই মূলত আজকের এই বৈঠক ডাকা হয়েছে।
Comments