শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
পরীক্ষায় পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ নির্দেশনার কথা জানান।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। এ জন্য এক সপ্তাহের সময়সীমাও নির্ধারণ করে দিয়েছেন মন্ত্রী।
শিক্ষার মানোন্নয়ন এবং হতাশাজনক ফল করা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নজরদারি বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে, এবারের পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছেন ১৩৯টি প্রতিষ্ঠানে।
এবারের পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সে হিসাবে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
Comments