ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী
কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারে, তবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো প্রভাব থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএসের পুলিশ ও আনসার ক্যাডারে যোগ দেওয়া নতুন কর্মকর্তাদের পরিচিতি ও ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দেশের সব কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকটাই তাদের পেশাগত কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল।
তিনি কর্মকর্তাদের পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখা, সার্ভিস রুলস অনুসরণ এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনসম্মত নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও আনসার ক্যাডারের দায়িত্ব অন্য সাধারণ ক্যাডারের তুলনায় ভিন্ন। এসব বাহিনীর কর্মকর্তাদের প্রায়ই সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে। এ জন্য বুদ্ধিমত্তা, পেশাদারত্ব ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিতে হবে। আইন প্রয়োগের সময় সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।
পাশাপাশি পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে নবীন কর্মকর্তাদের সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রোববার ১ নভেম্বর পূর্বাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা।
Comments