সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় দিশার ৪ দিনের রিমান্ড
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (১ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামস উদ দোহা সুমন।
এর আগে রোববার ভোরে রাজধানীর কাফরুলের বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ফরোয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং উত্তরার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, ২৭ অক্টোবর রাতে হত্যাকাণ্ডের আগে তাহসিফের সঙ্গে উত্তরার 'নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে' গিয়েছিলেন দিশা। ওই সন্ধ্যায় তারা 'সিপি ফাইভ স্টার স্ন্যাকসে' খাবারও খান। এ ছাড়া তাহসিফের সঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজেও দিশার যাওয়ার তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
পুলিশের আবেদনে আরও বলা হয়, মামলার প্রধান সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে দিশা ও দীপের দেওয়া তথ্য মিলিয়ে দেখা প্রয়োজন। এ ছাড়া তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে দিশার সঙ্গে তার একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২৯ অক্টোবর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এরপর ওই মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল শনিবার তাকে আদালতে হাজির করা হলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পুলিশের রিমান্ড আবেদনে তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। হেফাজতে নেওয়ার পরদিন দীপকে নিয়ে ঘটনাস্থলও পরিদর্শন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গত ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে তাকে বের হতে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই যুবককে তাহসিফের জুনিয়র বন্ধু দীপ হিসেবে শনাক্ত করেন।
Comments