জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথা জানালেন রিজভী
জুলাই সনদের সব প্রস্তাব বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর মতে, সংবিধানের ধারাবাহিকতা বজায় রেখে প্রয়োজনীয় সংশোধন জাতীয় সংসদের মাধ্যমেই করতে হবে। তবে বিরোধী দল সাংবিধানিক সংশোধনের পথে না গিয়ে নিজেদের দাবি বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বরেণ্য রাজনীতিবিদ মরহুম শামসুল হুদার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। মুগদা থানা বিএনপি ও অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।
খুলনায় বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলকে সংসদে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। তাঁর ভাষ্য, সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো সংশোধনের মাধ্যমে এবং সাধারণ আইনের আওতাভুক্ত বিষয়গুলো সংসদে আইন পাস করে বাস্তবায়ন করা সম্ভব।
রিজভী বলেন, স্বাধীনতার পর প্রণীত সংবিধান বিভিন্ন সময়ে সংশোধন করা হয়েছে। জুলাই সনদের যেসব প্রস্তাব সংবিধানের সঙ্গে সম্পর্কিত, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও সাংবিধানিক সংশোধন প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থনৈতিক উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে সরকার কাজ করছে। বিনিয়োগ, ঋণ, অনুদান ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশ সফর করছেন। তাঁর দাবি, চীন ও জাপান সফরে বিভিন্ন চুক্তি ও সমঝোতার ফলে দেশের শিল্পায়ন এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
জাপান সফরে প্রধানমন্ত্রীর টয়োটার প্রধান কার্যালয় পরিদর্শনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশে টয়োটার কারখানা স্থাপন এবং গাড়ির যন্ত্রাংশ উৎপাদনের সম্ভাবনা নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হতে পারে।
সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির কথা উল্লেখ করে রিজভী বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অবস্থার উন্নয়নের লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, দরিদ্র পরিবারগুলোকে মাসে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হলে তারা হাঁস-মুরগি পালনসহ ছোট পরিসরে আয়বর্ধক কাজে যুক্ত হতে পারবে। এতে দারিদ্র্য কমার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে।
দেশের গ্যাস ও জ্বালানি সংকটের বিষয়ে রিজভী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়েই জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশসহ বিভিন্ন দেশে।
এ সংকটের জন্য বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান দায়ী নন উল্লেখ করে তিনি বলেন, সরকার বিকল্প উৎস থেকে গ্যাস ও জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য কলকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানার কার্যক্রম সচল রাখা। সরকারের পদক্ষেপে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হচ্ছে বলে দাবি করেন তিনি।
বিরোধী দলের সমালোচনা করে রিজভী বলেন, অপপ্রচার ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সরকারের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। বিএনপি সত্য, ন্যায় ও জনকল্যাণের রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করছেন।
স্মরণসভায় মরহুম শামসুল হুদার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, তিনি ছিলেন আদর্শবান, সাহসী ও সংগ্রামী রাজনীতিবিদ। জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলীয় আদর্শের প্রতি অবিচল ছিলেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতাদের অবদান দল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন প্যারট ও মাসুদ হোসেন।
Comments