রোববার থেকে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠন এবং এর কার্যক্রম শুরু হবে। এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজের বাসায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে আশ্বাস দেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যাতে না বাড়ে, সে জন্য মন্ত্রণালয় ও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার জানান, শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধির নাম পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে তা জানানো হবে।
মজুরি বোর্ড গঠনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার শ্রম ভবনে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলেও জানান তিনি।
Comments