সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন: চিফ হুইপ
আন্দোলনের মাধ্যমে সরকার গঠন বা পরিবর্তন সম্ভব নয়, এর একমাত্র গণতান্ত্রিক উপায় নির্বাচন—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণই নতুন সরকার বেছে নেবে। তবে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা বরদাশত করা হবে না।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সংগঠনটির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, সরকার ভালো কাজ করলে তার সুফল জনগণ পাবে। আর প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নির্বাচনে ভোটের মাধ্যমেই জনগণ তাদের মতামত জানাবে। তাই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।
রাজনৈতিক দলগুলোর বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। তবে বিরোধ ও সংঘাত বাড়তে থাকলে তৃতীয় কোনো পক্ষ পরিস্থিতির সুযোগ নিতে পারে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হলে এর ক্ষতিকর প্রভাব পড়বে ভবিষ্যৎ প্রজন্মের ওপর। স্বাধীনতার পর ৫৪ বছরে অভ্যন্তরীণ বিরোধে অনেক সময় নষ্ট হয়েছে। এখন বিভেদ ভুলে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে চিফ হুইপ বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের সম্ভাবনা কাজে লাগানো এবং বরিশাল বিভাগের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রকৌশলীদের দেশের উন্নয়নের অন্যতম কারিগর উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, তাঁদের মেধা, জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে তিনি উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলেও জানান।
সম্মেলনে আইডিইবির কেন্দ্রীয় নেতারা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডিপ্লোমা প্রকৌশলী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
Comments