দেশজুড়ে এইচএসসির ফলাফলে ধস, এগিয়ে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে পাসের হার কমলেও তুলনামূলক ভালো ফল করেছে ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। রাজধানীর এসব প্রতিষ্ঠানে পাসের হার প্রায় ৮০ শতাংশ। বিপরীতে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ১৩টি জেলার মধ্যে সাতটিতেই পাসের হার ৫০ শতাংশের নিচে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।
ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর এ বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৯৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। বোর্ডটিতে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন।
তবে মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল বোর্ডের সামগ্রিক গড়ের চেয়ে অনেক ভালো। এসব প্রতিষ্ঠানে পাসের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৪৮২ জন শিক্ষার্থী।
জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে এগিয়ে নরসিংদী। এ জেলায় পাসের হার ৬৬ দশমিক ৬১ শতাংশ। গাজীপুরে ৬১ দশমিক ৪৯, ঢাকায় ৫৭ দশমিক ৮৫, কিশোরগঞ্জে ৫০ দশমিক ৭৪ এবং মুন্সিগঞ্জে ৫০ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
অন্যদিকে, মানিকগঞ্জে পাসের হার সবচেয়ে কম, ৩৮ দশমিক ২৫ শতাংশ। এ ছাড়া রাজবাড়ীতে ৪০ দশমিক ৮২, শরীয়তপুরে ৪১ দশমিক ০৫, মাদারীপুরে ৪১ দশমিক ৮৫, গোপালগঞ্জে ৪২ দশমিক ৭৩, নারায়ণগঞ্জে ৪৫ দশমিক ৭৯, ফরিদপুরে ৪৯ দশমিক ৭৬ এবং টাঙ্গাইলে ৪৯ দশমিক ৯৭ শতাংশ।
এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ।
Comments