উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন এইচএসসি পাস করা সব শিক্ষার্থী: শিক্ষামন্ত্রী
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে আসনসংখ্যা পাস করা শিক্ষার্থীর তুলনায় বেশি।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, চলতি বছর বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সব মিলিয়ে প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী। ফলে আসনসংকটের কারণে কারও উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কথা নয়।
তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ও শর্ত নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে বলে জানান শিক্ষামন্ত্রী। কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের মানদণ্ডে শিক্ষার্থী ভর্তি করবে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে উত্তীর্ণ সব শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।
Comments