মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন, যান চলাচলে বিঘ্ন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে মিরপুর-১০ সহ আশপাশের কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
মিরপুর ট্রাফিক বিভাগ জানিয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন পুলিশ সদস্যরা।
এ অবস্থায় এসব সড়ক ব্যবহারকারী চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পাশাপাশি চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।
এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। ওই দিন সপ্তাহের শেষ কর্মদিবসে শ্রমিকদের অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রীরা।
Comments