তাহসিফ হত্যা মামলা: বন্ধু দ্বীপের ৭ দিনের রিমান্ড আবেদন
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করেছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে নৌপুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উত্তরখান থানায় মামলাটি করা হয়।
নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল জানান, তাহসিফের বাবা হত্যা মামলাটি করেছেন। ওই মামলায় দ্বীপকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। মামলাটি উত্তরখান থানায় হলেও তদন্তের দায়িত্ব পালন করবে নৌপুলিশ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদে ঝাঁপ দেন তিনি। নদীর সীমানাপ্রাচীরের ২৯ নম্বর পিলারের কাছ থেকে তাঁর ঝাঁপ দেওয়ার তথ্য পাওয়া যায়। পরে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তাহসিফের মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি জানতে তদন্ত চালাচ্ছে নৌপুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর এলাকা থেকে শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দ্বীপ জানান, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশসহ কয়েকজনের ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাজার বস্তি এলাকার হোন্ডা গলি থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পিবিআই।
পরে শুক্রবার দ্বীপকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সংস্থাটি। একই রাতে তাঁকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Comments