শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা পূর্বনির্ধারিত গণবিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নিয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পরপরই জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এই গণবিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি।
এদিকে জাদুঘরের সামনে স্থাপিত মূল মঞ্চের দুই পাশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির দুই মেয়র প্রার্থীর বড় বড় ছবি টাঙানো হয়েছে। দলটির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আগেই প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
নির্ধারিত সময় বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা। বাংলামোটর-সংলগ্ন নেভীগলি এলাকায় এনসিপি নেতাদের বহনকারী বেশ কয়েকটি বাসও দেখা যায়।
বেলা সাড়ে তিনটার দিকে এনসিপির জ্যেষ্ঠ নেতারা সমাবেশস্থলে উপস্থিত হন। এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিন, সারোয়ার তুষার ও মনিরা শারমিনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা মঞ্চে আসেন।
বিকেল পৌনে চারটার পর বাংলামোটর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ঢাকা দক্ষিণ এনসিপির একটি বড় মিছিল সমাবেশস্থলে যোগ দেয়। এরপর ঠিক ৪টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার দুই মিনিট পর আসিফ মাহমুদের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর এনসিপির আরেকটি বড় মিছিল সমাবেশস্থলে এসে পৌঁছায়। এ সময় পুরো শাহবাগ এলাকা নানা স্লোগানে মুখর হয়ে ওঠে।
Comments