প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: কারণ অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টোকিও-ঢাকা রুটের (ফ্লাইট বিজি ৭৭৭) যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) এ কমিটি গঠন করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- সভাপতি: প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং চিফ, সদস্য: চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি),ব্যবস্থাপক (আইনবিষয়ক)।
প্রয়োজন সাপেক্ষে এই কমিটি বিমানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। কমিটিকে আগামী ৪ কার্যদিবসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফল সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ফ্লাইটে এই কারিগরি ত্রুটির ঘটনা ঘটে।
উল্লেখ্য, সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।
Comments