মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা দেড় মাসের বেশি বাড়িয়েছে কর্তৃপক্ষ। এর ফলে আগামী ১৫ নভেম্বরের পরিবর্তে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেল মালিকেরা এই নম্বরপ্লেট লাগানোর সুযোগ পাবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাঠানো এসংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, 'নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা অনেক বেশি হওয়ায় আগের নির্ধারিত সময়সীমা পর্যাপ্ত ছিল না। বিষয়টি বিবেচনায় নিয়ে ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, যা মন্ত্রণালয় অনুমোদন করেছে।'
এর আগে বিআরটিএর পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে ১৫ নভেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে ইতোমধ্যে আরএফআইডি প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেকটিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের নিয়ম রয়েছে। এরই ধারাবাহিকতায় সামনেও নম্বরপ্লেট লাগানোর এই নির্দেশনা দেওয়া হয়।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও গঠন নিচে দেওয়া হলো:
স্কুটার: সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে।
অন্যান্য মোটরসাইকেল: দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।
বর্ণ ও সংখ্যা: উভয় ধরনের প্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।
অন্যান্য শর্ত: প্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলে নম্বরটি সোজা এক লাইনে বসাতে হবে।
Comments