নারিতায় বিমানের ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর দেশে ফেরা বিলম্বিত
জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়েছে। উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি শনাক্ত হওয়ার পর উড্ডয়ন স্থগিত করা হয় এবং সেটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নিয়ে মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী 'বিজি-৩৭৭' ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বোর্ডিং সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। এরপর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখতে পান পাইলট। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা বিবেচনা করে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে দ্রুত নিরাপদ পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
ত্রুটি ধরা পড়ার পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু হয়। সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর কাজ চালিয়ে যাচ্ছে। প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, ত্রুটি মেরামত করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামতের সার্বিক অগ্রগতি ও পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে ফ্লাইটটির পরবর্তী গন্তব্যে যাত্রা করার সঠিক সময়।
উড়োজাহাজ বিশেষজ্ঞরা জানান, উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার মূলত অবতরণের সময় লিফট বা উড্ডয়নক্ষমতা কমিয়ে গতিনিয়ন্ত্রণে সহায়তা করে। এ ছাড়া উড্ডয়নের বিভিন্ন পর্যায়েও এর বিশেষ ভূমিকা রয়েছে। তাই স্পয়লারে কোনো ধরনের ত্রুটি দেখা দিলে উড়োজাহাজের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে উড্ডয়নের আগে তা পুরোপুরি মেরামত ও পরীক্ষা করা অত্যন্ত জরুরি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। আমাদের এয়ার ক্রু ও নিবেদিত প্রকৌশল দল ত্রুটি নিরসনে আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।'
Comments