এলপিজির দাম পরিবর্তনে বিইআরসির গণশুনানি শুরু
ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল মিলনায়তনে এ শুনানি শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত শুনানি চলার কথা রয়েছে।
বিইআরসি সূত্রে জানা গেছে, শুধু এলপিজির মূল্য পরিবর্তন নয়, বেসরকারি খাতের গ্যাসের মজুত ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউশন এবং খুচরা বিক্রয়সংক্রান্ত চার্জ পরিবর্তনের প্রস্তাবও শুনানিতে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট এলপিজি অপারেটর, মজুত ও বোতলজাতকরণ প্রতিষ্ঠান এবং পরিবেশকদের পক্ষ থেকে এসব বিষয়ে প্রস্তাব জমা দেওয়া হয়েছে।
কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুসারে প্রস্তাবগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত জানতে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অংশ নেওয়ার পাশাপাশি প্রাসঙ্গিক তথ্য, উপাত্ত ও প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ অক্টোবর এলপিজি অপারেটরদের পক্ষ থেকে মূল্য পরিবর্তনের প্রস্তাব কমিশনে জমা দেওয়া হয়। প্রস্তাবগুলো পর্যালোচনার পর গণশুনানির উদ্যোগ নেয় বিইআরসি।
শুনানিতে অংশগ্রহণকারীদের মতামত ও উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন চার্জের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন। তবে শুনানি শুরু হওয়ায় দাম বাড়বে নাকি কমবে, তা এখনো নিশ্চিত নয়।
Comments