আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ: ড্যাব নেতার পদ স্থগিত
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের অভিযোগে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক নেতার পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।
পদ স্থগিত হওয়া ওই নেতার নাম ডা. জাহিদ হাসান রিপক, যিনি ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বুধবার (২৮ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম বলেন, "আমরা তাকে শোকজ পাঠিয়েছি। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং কারণ দর্শানোর জন্য তাকে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে এই ঘটনায় একজনেরই নাম সামনে এসেছে। তিনি একা ছিলেন, নাকি তাঁর সঙ্গে আরও কেউ জড়িত ছিলেন, তা আমরা তদন্ত করে দেখব। আপাতত একজনের বিষয়টি সামনে আসায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।"
উল্লেখ্য, এর আগে বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের অভিযোগ ওঠে ড্যাব নেতাকর্মীদের বিরুদ্ধে।
Comments