নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ: সড়ক পরিবহনমন্ত্রী
সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে একে অপরের ওপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি স্পষ্ট করে বলেছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দায়িত্ব কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের নয়; এর জন্য প্রয়োজন সকলের সমন্বিত প্রচেষ্টা।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে 'জাতীয় নিরাপদ সড়ক দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, "আমরা কেউ কারও প্রতিপক্ষ নই। এখানে যারা আছি, সবারই মূল দায়িত্ব হচ্ছে নিরাপদ সড়ক নিশ্চিত করা।" সড়কে মানুষের প্রাণহানি রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে পারস্পরিক সহযোগিতা, নিয়মিত আলোচনা এবং কার্যকর পদক্ষেপ জোরদার করতে হবে।
সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, দুর্ঘটনা ও প্রাণহানির প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। বছরে ৩১ হাজার মানুষের মৃত্যুর মতো বিভিন্ন জরিপভিত্তিক তথ্যের উৎস, সংগ্রহের পদ্ধতি এবং এর যথার্থতা যাচাই করা অত্যন্ত জরুরি। জাতিকে ভুল তথ্যের মধ্যে রেখে বা প্রকৃত তথ্য না জেনে সমস্যার টেকসই সমাধান করা সম্ভব নয়। তাই নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন তিনি।
Comments