আমার সমর্থনে নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়াতে পেরেছেন: ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর প্রকাশ্য সমর্থনের কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবারের নির্বাচনে 'নিশ্চিত পরাজয়' থেকে রক্ষা পেয়েছেন।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের বুথফেরত জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী লিকুদ পার্টির জোট ৫৬টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন এবং আরব লিস্ট জিতেছে ১৬টি আসনে।
১২০ আসনবিশিষ্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি। ফলে দেশটিতে পরবর্তী সরকার গঠনে দলগুলোর মধ্যে দীর্ঘ রাজনৈতিক দর-কষাকষির পথ উন্মুক্ত হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, "এ সবকিছুই ঘটেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পর—যিনি শুধু মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভালো চান!" উল্লেখ্য, নির্বাচনের আগেই নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অন্য দেশের নির্বাচনে এভাবে প্রকাশ্যে কাউকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
এদিকে নেসেটের এবারের নির্বাচনে ইসরায়েলি আরবরা অভাবনীয় ফলাফল করায় প্রধান দুটি জোটের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে বিজয়ের পথে এগিয়ে থাকার খবরে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আরবদের সমর্থন নিয়ে তিনি কোনো সরকার পরিচালনা করবেন না।
জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে সমর্থকদের সামনে এসে নেতানিয়াহু বলেন, সম্ভাব্য সরকার গঠন নিয়ে এখনই কিছু বলা বোকামি হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সম্পূর্ণ ও প্রকৃত ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করবেন।
Comments