মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু আগামী ৩১ অক্টোবর থেকে
মালয়েশিয়ায় চাকরি নিয়ে যেতে ইচ্ছুক কর্মীদের বাধ্যতামূলক মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। শুধুমাত্র সরকারের অনুমোদিত নির্দিষ্ট মেডিকেল সেন্টারগুলোতেই এই পরীক্ষা সম্পন্ন করতে হবে। এর আগে বা অন্য কোনো মাধ্যমে করানো মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে গণ্য হবে এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য তা প্রসেস করা হবে না।
সোমবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, খুব দ্রুতই অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের নির্দিষ্ট ওই তালিকা দেখে মেডিকেলের অনুমোদন নিশ্চিত করার পরই পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে কিছু অসাধু দালাল ও রিক্রুটিং এজেন্সি সরকারি অনুমোদন ছাড়াই ভুয়া মেডিকেল পরীক্ষার কথা বলে সাধারণ কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে—এমন অভিযোগ মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দিতে কর্মীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে কেবল অনুমোদিত মেডিকেল সেন্টারের পরীক্ষার কাগজ এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে—মেডিকেল সেন্টারের কার্যক্রম চিরতরে বন্ধ করা, রিক্রুটিং এজেন্সির কর্মী নিয়োগ কার্যক্রম স্থগিত করা এবং মন্ত্রণালয় প্রদত্ত লাইসেন্স বা অনুমোদন বাতিল করা।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অনুমোদনহীন অবৈধ মেডিকেল পরীক্ষা কিংবা এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকে, তবে তা প্রমাণসহ (ঘটনার তারিখ, স্থান ও নাম উল্লেখ করে) secretary@probashi.gov.bd এই ইমেইলে মেইল করে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে।
কর্মীদের সুরক্ষা ও স্বার্থ রক্ষার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর নজরদারি বজায় রাখবে মন্ত্রণালয়। জনস্বার্থের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল কর্মী, এজেন্সি ও মেডিকেল সেন্টারকে তা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments