বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ.লীগ: রুহুল কবীর রিজভী
বিদ্যুৎ খাতে অবাধ লুটপাটের সুযোগ তৈরি করতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিতর্কিত 'দায়মুক্তি আইন' পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি স্পষ্ট করে বলেন, দেশের বিদ্যুৎ খাতে অতীতের সব অনিয়ম ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের আমলে দুর্নীতির কোনো সুযোগ নেই উল্লেখ করে রিজভী বলেন, কাজের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত থাকায় এখন আর লুটপাটের সুযোগ নেই। যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের সর্বস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহির আওতায় রাখতে হবে।
সাবেক সরকারের শতভাগ বিদ্যুতায়নের দাবির সমালোচনা করে তিনি বলেন, কাগজে-কলমে শতভাগ বিদ্যুতের কথা বলা হলেও বাস্তবে দেশের অনেক প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত। অনেক দরিদ্র পরিবার একসঙ্গে একটি সংযোগ ভাগাভাগি করে ব্যবহার করে। তাই কেবল বিদ্যুৎ ব্যবহারের এই পরিসংখ্যান দিয়ে হতদরিদ্র মানুষের প্রকৃত জীবনমান ও অর্থনৈতিক অবস্থা নির্ধারণ করা কঠিন।
বিকল্প জ্বালানির সম্ভাবনার কথা তুলে ধরে রিজভী জানান, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুপটপ সোলার) খাতের অপার সম্ভাবনা রয়েছে এবং এ খাতে বিদেশি বিনিয়োগকারীরাও যথেষ্ট আগ্রহী। বর্তমান বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে উল্লেখ করে তিনি বলেন, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। তাই হতাশ না হয়ে সম্মিলিতভাবে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে এবং জ্বালানি সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Comments