জেটরোর প্রেসিডেন্টের বৈঠবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শুরুতেই বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে জেটরোর দীর্ঘমেয়াদী ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে জাপানি বিনিয়োগের জন্য নতুন ও সম্ভাবনাময় দ্বার উন্মোচিত হয়েছে। এ সময় দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগের বিশেষ আহ্বান জানান তিনি।
উভয় পক্ষই একমত পোষণ করে জানায়, প্রস্তাবিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং আরও বেশি জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে সহযোগিতা বাড়াতে জাপানের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এই ধরনের উদ্যোগ জাপানের শ্রমবাজারে দক্ষ কর্মী সরবরাহের পাশাপাশি দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
এ সময় জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের প্রশংসা করে বলেন, বর্তমান বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয় ও সম্ভাবনাময় এক গন্তব্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন ব্যবসাবান্ধব উদ্যোগের ফলে এরই মধ্যে জাপানি কোম্পানিগুলোর মাঝে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বহুগুণ বেড়ে গেছে বলে জানান তিনি।
Comments