ঢাকা মেট্রোরেলে সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি
ঢাকা মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ সিস্টেম প্যাকেজের নকশা প্রণয়ন ও নির্মাণকাজের চুক্তি লাভ করেছে ভারতের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ হাজার কোটি রুপির বেশি মূল্যের এই চুক্তিটি বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকারও বেশি। প্রকল্পটি বাস্তবায়নে জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান সুমিটমো করপোরেশনের সঙ্গে যৌথ অংশীদারিতে কাজ করবে এলঅ্যান্ডটি'র ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার বিভাগ। চুক্তির আওতায় রেলপথ নির্মাণ, বৈদ্যুতিক ব্যবস্থা, সিগন্যালিং, টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি) স্থাপনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম মেট্রোরেল করিডর 'ঢাকা মেট্রোরেল লাইন-৬'-এর সমন্বিত রেলওয়ে সিস্টেম প্যাকেজের কাজও সফলভাবে সম্পন্ন করেছিল, যা বর্তমানে বাণিজ্যিকভাবে চালু রয়েছে। জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ এর আওতায় বিমানবন্দর রুট ও পূর্বাচল রুটে মোট ১৯টি স্টেশন ও একটি ডিপো নির্মিত হবে।
Comments