হরমুজে জাহাজে হামলার রেকর্ড, সবচেয়ে ঝুঁকিপূর্ণ মাস অক্টোবর
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সংকলিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি অক্টোবর মাসে এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংগৃহীত তথ্য অনুসারে, অক্টোবর মাসে হরমুজ প্রণালিতে অন্তত ২৮টি জাহাজে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ অঞ্চলে নিশ্চিত হামলার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৩টিতে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) পরিসংখ্যানেও সংঘাত শুরুর পর থেকে ১২০টি হামলার তথ্য উঠে এসেছে। অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও ১৬ অক্টোবর পর্যন্ত ১৩৫টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে।
তবে বিভিন্ন সংস্থার হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। ইউকেএমটিওর পর্যবেক্ষণ অনুযায়ী, সব ঘটনার তথ্য আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত না-ও হতে পারে। সে কারণে প্রকৃত হামলার সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
রয়টার্সের বিশ্লেষণে আরও উঠে এসেছে, আইএমওর তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর বিশ্বের ৯০০টির বেশি সুপারট্যাঙ্কারের বহরের প্রায় ৩ দশমিক ৫ শতাংশ জাহাজ হামলার শিকার হয়েছে। এসব ঘটনা আন্তর্জাতিক সামুদ্রিক পরিবহন এবং জ্বালানি সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বাড়তে থাকলে আন্তর্জাতিক বাণিজ্য, তেল পরিবহন এবং জ্বালানির বাজারে এর প্রভাব পড়তে পারে।
সূত্র: আর-জাজিরা
Comments