সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ উদ্ঘাটনে সরকার ব্যর্থ: সিপিবি
সৌদি আরবে কোনো ধরনের আলোচনা বা আইনি স্বচ্ছতা ছাড়াই বাংলাদেশি নাগরিক নজরুল ও সুইটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেছেন, তাদের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ তোলা হলেও আসল কারণ আড়াল করা হচ্ছে এবং এ বিষয়ে সরকারের চরম কূটনৈতিক ব্যর্থতা রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ ক্বাফী রতন আরও অভিযোগ করেন, কাজের জন্য গিয়ে বহু নারী শ্রমিক সৌদি আরব থেকে গর্ভবতী অবস্থায় দেশে ফিরে এসেছেন। এর জবাব সৌদি কর্তৃপক্ষকে দিতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, যদি ব্যভিচারের দায়ে বিচারই করা হয়, তবে সৌদি আরবের অনেক প্রভাবশালী পুরুষের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
সরকার অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জোরালো ও কড়া কূটনৈতিক পদক্ষেপ না নিলে বাম গণতান্ত্রিক জোটকে সঙ্গে নিয়ে সৌদি দূতাবাস ঘেরাও করার কঠোর হুশিয়ারি দেন সিপিবির এই শীর্ষ নেতা।
Comments