মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার ঝুঁকিতে ঊর্ধ্বমুখী হয়েছে তেলের বাজার।
বুধবার (২১ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২১ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও এক ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলারে ওঠে।
এর আগে মঙ্গলবারের লেনদেনেও তেলের বাজারে ঊর্ধ্বগতির চিত্র দেখা যায়। ওই দিন একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ৫২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ০৭ ডলারে দাঁড়ায়। সোমবার লেনদেনের সময় এই দাম সর্বোচ্চ ১১০ দশমিক ৭০ ডলারে উঠেছিল, যা গত মে মাসের পর সর্বোচ্চ পর্যায়। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দামও একপর্যায়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ০৩ ডলারে পৌঁছায়।
বাজার বিশ্লেষকদের মতে, তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা। জ্বালানিবাজারবিষয়ক তথ্যপ্রতিষ্ঠান কেপলারের তথ্য উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে।
এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে নতুন করে হামলার ঘটনাও আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করেছে। জ্বালানি অবকাঠামোর পাশাপাশি বিমানবন্দর ও সামরিক স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে সৌদি আরবকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আন্তর্জাতিক জ্বালানিবাজারে বাড়তি চাপ তৈরি করছে।
বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন অব্যাহত থাকলে এবং সৌদি আরবসহ অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো হামলার ঝুঁকিতে থাকলে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরও সংকুচিত হতে পারে। এতে অপরিশোধিত তেলের দাম দীর্ঘ সময় উচ্চপর্যায়ে থাকার পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়তে পারে।
সূত্র: আল-জাজিরা
Comments