এখনই মন্ত্রীদের বিদায় শুরু হলে বাকি সময় কী হবে?: মিয়া গোলাম পরওয়ার
সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপে সমন্বয়হীনতা ও দ্বিচারিতা রয়েছে অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গঠনের এই কয়েকমাসেই যদি মন্ত্রীদের বিদায় হতে হয়, তবে বাকি সময় কী হবে? আওয়ামী লীগের পথ ধরেই বর্তমান বিএনপি সরকার ফ্যাসিবাদের দিকে হাঁটছে বলে মন্তব্য করেন তিনি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক বসানো, জুলাই সনদ না মানা এবং চাঁদাবাজির মতো বিষয়গুলোকে ফ্যাসিবাদের লক্ষণ হিসেবে উল্লেখ করেন তিনি।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগের মতো এখন ওয়াজ-মাহফিলেও বাধা দিচ্ছে বিএনপি। এছাড়া নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে দাবি করে তিনি বলেন, সরকারদলীয় সংসদ সদস্যরা পর্যাপ্ত বরাদ্দ পেলেও বিরোধী দলের এমপিরা কোনো ধরনের বরাদ্দ পাচ্ছেন না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে জামায়াতের ওয়ার্ড কমিটির নির্ধারিত কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, "প্রধানমন্ত্রী যেখানে যাবেন, সেখানে কি আর কোনো দলের কোনো কর্মসূচি থাকতে পারবে না?"
এদিকে দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার বিদ্যমান গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি হঠাৎ বাতিল করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এর কঠোর নিন্দা জানান জামায়াতের এই শীর্ষ নেতা।
Comments