সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশ স্বাধীন করেছে; এখন সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়ার কাজ করতে হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শ্রম দিয়ে দেশকে এগিয়ে নেবে, এটাই সবার লক্ষ্য হওয়া উচিত।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এই সফরে যান তিনি।
সরকার গঠনের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। যেদিন থেকে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি, সেদিন থেকেই এ দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। যার অংশ হিসেবে কৃষকদের দীর্ঘমেয়াদি কৃষিঋণ মওকুফ করা হয়েছে।'
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "আমরা 'ফ্যামিলি কার্ড' চালু করেছি এবং ইনশাআল্লাহ শিগগিরই 'কৃষক কার্ড' চালু করা হবে। এছাড়া ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্যও মাসিক ভাতার ব্যবস্থা করেছি। এভাবে সমাজের প্রতিটি শ্রেণি ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।"
এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সৈয়দপুর থেকে রংপুরের সড়কের দুই পাশে ভিড় জমান নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘ কিলোমিটারজুড়ে উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এ সময় জনতা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
Comments