যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষকসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিশু ও এক শিক্ষক। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অঙ্গরাজ্যটির বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন্ড শহরের ওই স্কুলে এই হতাহতের ঘটনা ঘটে।
বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ এক সংবাদ সম্মেলনে জানান, নিহত তিন শিশুর বয়স যথাক্রমে পাঁচ, আট ও ১১ বছর। নিহত অপরজন বিদ্যালয়ের শিক্ষক। এছাড়া হামলায় সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের বেন্ড শহরের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িত ১৬ বছর বয়সী সন্দেহভাজন ওই কিশোর বেন্ড শহরেরই বাসিন্দা ছিলেন এবং ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। তবে তার পরিচয় বা নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ প্রধানের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হামলাকারী তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশ করেন। ওই কিশোর অতীতে কখনো এই বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সেবায় প্রথম সাহায্যের ফোনকল আসে। এরপর মুহূর্তের মধ্যে আরও অসংখ্য কল আসতে থাকে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(সূত্র: আল জাজিরা)
Comments