সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ মোতায়েন
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক শুক্র ও শনিবার—দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার বিকেলে সেখানে 'ককরোচ জনতা পার্টির' (সিজেপি) তিরঙ্গা মার্চ বা পতাকা হাতে পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে। এই সমাবেশ প্রতিহত করতে দিল্লি ও এর আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভ ও পদযাত্রা ঠেকাতে দিল্লিজুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিজেপির কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত মেট্রো পরিষেবা বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পুলিশ।
নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে উপযুক্ত স্থানে শান্তিপূর্ণভাবে পতাকা বহন ও জাতীয় সংগীত গাওয়ার সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। তবে সাধারণ মানুষকে এই নতুন কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশাসনিক কারণেই সেন্ট্রাল পার্ক শুক্র ও শনিবার বন্ধ রাখা হচ্ছে।
গত মঙ্গলবার সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। মূলত সেই গ্রেপ্তারের প্রতিবাদেই এই তিরঙ্গা মার্চের ডাক দেওয়া হয়েছে। এছাড়া ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলছে সংগঠনটি।
প্রথমে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও সেখানে নিষেধাজ্ঞা থাকায় সেন্ট্রাল পার্ককে বেছে নেয় সিজেপি। আজকের এই কর্মসূচিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা এবং আম আদমি পার্টির (আপ) বেশ কয়েকজন নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।
Comments