হুতিদের হামলায় সৌদির ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ওমরাহ যাত্রীরা
মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা সংকটের প্রভাবে সৌদি আরবের সঙ্গে বিভিন্ন দেশের বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে ওমরাহ পালন করতে সৌদি আরবে যেতে ইচ্ছুক এবং সেখান থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে জেদ্দায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেল।
ভারতীয় যাত্রীদের সহায়তায় জেদ্দায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে কনস্যুলেট। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে যাদের ভ্রমণসূচি অনিশ্চিত হয়ে পড়েছে, তাদের ফ্লাইটের তথ্য নিয়মিত যাচাই করা উচিত। প্রয়োজনে যাত্রার পরিকল্পনা পুনর্বিবেচনার কথাও বলা হয়েছে।
এই পরিস্থিতির প্রভাব শুধু ভারতের যাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের সৌদিগামী যাত্রীরাও ফ্লাইট বাতিল ও সূচি পরিবর্তনের কারণে সমস্যায় পড়ছেন। এতে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের পাশাপাশি সৌদি আরব থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরাও অনিশ্চয়তার মুখে পড়েছেন।
বিশেষ করে জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে কয়েকটি বিমান সংস্থা সৌদি আরবগামী ও ফিরতি ফ্লাইট স্থগিত রাখার সময়সীমা বাড়িয়েছে।
ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, ২০২৬ সালের ২৪ অক্টোবর পর্যন্ত রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনাগামী এবং এসব শহর থেকে ছেড়ে আসা ফ্লাইট বাতিল থাকবে। সংস্থাটি জানিয়েছে, বুকিংয়ের সময় দেওয়া যোগাযোগের তথ্য ব্যবহার করে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
অন্যদিকে আকাসা এয়ার রিয়াদগামী ফ্লাইট ২৪ অক্টোবর এবং জেদ্দাগামী ফ্লাইট ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ফ্লাইট বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীরা চাইলে টিকিটের পুরো অর্থ ফেরত নিতে পারবেন। এ ক্ষেত্রে অর্থ মূল পেমেন্ট অ্যাকাউন্টে সাত দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া কোনো অতিরিক্ত ফি ছাড়াই ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগও থাকছে।
অন্য মাধ্যমে টিকিট কেনা যাত্রীদের নিজ নিজ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে আকাসা এয়ার। দুই বিমান সংস্থাই জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি আরবগামী যাত্রীদের টিকিটের অবস্থা, ফ্লাইটের সময়সূচি এবং সংশ্লিষ্ট বিমান সংস্থার সর্বশেষ নির্দেশনা যাচাই করে ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
Comments