সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি 'জাতীয় কমিটি' গঠনের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে মহাধ্যক্ষ শ্রীসদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথেরের নেতৃত্বে আসা ৯ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই পরামর্শ দেন।
দেশের বৌদ্ধ সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, তারা যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে সম্প্রদায়ের শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সকল সম্প্রদায়ের ন্যায্য অধিকার, মর্যাদা এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হলে তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া সরকারের কাছে যথাযথভাবে তুলে ধরা সহজ হবে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন বিষয় ও সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। এ সময় তাঁরা আগামী নভেম্বরে রাজধানীর কমলাপুরের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অনুষ্ঠেয় 'কঠিন চীবরদান' অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আনন্দের সঙ্গে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে তাদের আশ্বস্ত করেন।
Comments