সৌদির পাশে থাকবে ঢাকা, জ্বালানি ও শ্রমবাজার নিয়ে সরকারের উদ্বেগ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের দফায় দফায় হামলায় বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সেই সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সৌদি আরবের প্রতি দৃঢ় সমর্থন ও সংহতি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করে বলেছেন, যেকোনো সংকটে সৌদি আরবের পাশে থাকবে ঢাকা।
সোমবার (১২ অক্টোবর) 'বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথচলার কৌশল' শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে হামলার কারণে যদি জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়ে, তবে তা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর বৈশ্বিক প্রভাব পড়বে। এছাড়া সৌদির বর্তমান অস্থিরতা দেশটির বিশাল শ্রমবাজারেও প্রভাব ফেলতে পারে, যা বাংলাদেশের প্রবাসী কর্মী ও ভবিষ্যৎ শ্রম অভিবাসনের ক্ষেত্রে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে নতুন শ্রমবাজার অনুসন্ধানে বহুমুখী উদ্যোগ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
Comments