অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড
সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলকরণে ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল এবং মাইকেল উডফোর্ড।
আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে।
এ বছরের অর্থনীতিতে পুরস্কারজয়ী রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড যুগান্তকারী নতুন সামষ্টিক অর্থনৈতিক মডেল তৈরি করেছেন। তাদের উদ্ভাবিত মডেলগুলোর সঠিক প্রয়োগের মাধ্যমে অর্থনীতিতে যথাযথ সময়ে রাজস্ব ও মুদ্রানীতিসংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করে বাজার বা অর্থনীতির আকস্মিক উত্থান-পতন (বুম অ্যান্ড বাস্ট) অনেকাংশেই কমানো সম্ভব।
পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষের মতে, অর্থনৈতিক মডেলগুলোকে পুনর্গঠন করে কীভাবে স্থিতিশীলকরণ নীতিকে আরও কার্যকর করা যায়, তা তারা সফলভাবে দেখিয়েছেন। অতীতে মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক অর্থনৈতিক চলকগুলোর মধ্যকার পরিসংখ্যানভিত্তিক সম্পর্কের ওপর মডেলগুলো নির্ভর করলেও, তারা ব্যক্তিপর্যায়ের পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সম্মিলিত কর্মকাণ্ড কীভাবে পুরো অর্থনীতিকে প্রভাবিত করে—সেই ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তির ওপর মডেলগুলো দাঁড় করানোর পথ দেখিয়েছেন।
অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম হলো—'অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানে সুইডিশ রিক্সব্যাংক পুরস্কার'। ১৮৯৬ সালে মারা যাওয়া সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী মানবজাতির কল্যাণে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও সংস্থাকে প্রতিবছর এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।
Comments