যে শর্তে ছাড়া পেলেন ধ্রুব রাঠিসহ সিজেপির শীর্ষ তিন নেতা
ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন আদালত। আগামী এক বছর শান্তিভঙ্গ করা যাবে না এই শর্তে রোববার তাঁদের জামিন দেওয়া হয়। অন্যদিকে, শনিবার আটক হওয়া ইউটিউবার ধ্রুব রাঠিও রাতে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় সিজেপির তিন নেতাকে। পরে তাঁদের মুক্তির নির্দেশ দেওয়া হয়।
সংগঠনটির লিগাল টিমের প্রধান রত্না সিং জানান, আগামী এক বছর শান্তিভঙ্গ না করার শর্তে তাঁরা মুক্তি পেয়েছেন। মুক্তির পর আশুতোষ রাঙ্কা জানান, রোববার দুপুর ২টায় তাঁদের সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। ওই কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পরই তিন নেতাকে আটক করে পুলিশ। পরে তাঁদের আলাদা আলাদা স্থানে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর। নেতাদের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি।
পুলিশ জানায়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় সতর্কতামূলকভাবে গ্রেপ্তার করা হয়েছিল তাঁদের। পরে আদালত তাঁদের শর্তসাপেক্ষে জামিন দেয়। তিন নেতার মুক্তির পর সিজেপির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
এদিকে, সিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ার আগে শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ইউটিউবার ধ্রুব রাঠিকে। রাতে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বিদেশ থেকে দিল্লিতে এসে আন্দোলনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।
পুলিশের দাবি, তাঁর এই কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলেছে। তবে তাঁকে কোথায় রাখা হয়েছিল, তা স্পষ্ট নয়। আন্দোলনে পুনরায় যোগ না দেওয়ার শর্তে তাঁকে ছাড়া হয়েছে বলে জানা গেছে।
Comments