দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শনিবার (১০ অক্টোবর) সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত আন্দোলনে যোগ দেওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন মমতা। কর্মসূচিটি দিল্লির যন্তর মন্তরে আয়োজনের কথা থাকলেও সেখানে তিনি অংশ নিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে আসছে সিজেপি। দলটির অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। বিরোধী দলগুলোর আশঙ্কা, এর ফলে নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এ ধরনের অভিযোগ নাকচ করেছে।
দিল্লিতে নিরাপত্তা জোরদার, আটক বহু আন্দোলনকারী
বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে শনিবার দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যন্তর মন্তরে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। বিভিন্ন সড়কে বসানো হয় ব্যারিকেড। পাশাপাশি কয়েকটি মেট্রো স্টেশনে বিধিনিষেধ আরোপ এবং নির্দিষ্ট কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আন্দোলন ঘিরে দিল্লিতে একাধিক বিক্ষোভকারী ও আন্দোলনের নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপও রয়েছেন।
এদিকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। ভোটার তালিকা সংশোধন নিয়ে অভিযোগ ও রাজনৈতিক বিতর্কের মধ্যে দিল্লিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হলো।
Comments