হামের উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১৩শ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিনজন মারা গেছেন।
এ সময়ে নতুন করে ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮১ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে।
একই সময় পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা পৌঁছেছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জনে।
এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮০ হাজার ৭৯ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।
Comments