বায়তুল মোকাররমে খতিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ, হট্টগোল ও উত্তেজনা
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন একদল মুসল্লি। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ চলাকালে হঠাৎ করেই স্লোগানকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদের উত্তর গেটে মুসল্লিদের একটি অংশ খতিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। ঠিক একই সময়ে পাশেই বিএনপির যুগপতের শরিক দল জমিউতে উলামায়ে ইসলাম বাংলাদেশের একটি মিছিল চলছিল।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীদের মধ্য থেকে হঠাৎ করে 'জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও' এবং 'মওদুদীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও' স্লোগান দেওয়া শুরু হয়। এ ঘটনায় সেখানে উপস্থিত লোকজনের মধ্যে কিছুটা চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকায় জামায়াতে ইসলামীর কোনো পূর্বনির্ধারিত বা আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না।
বিক্ষোভকারী মুসল্লিদের অভিযোগ, একটি কুচক্রী মহল ও জামায়াতে ইসলামী জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেককে অপসারণের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। খতিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা অপপ্রচার চালানো হচ্ছে। সাধারণ মুসল্লিরা এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতেই একত্র হয়েছিলেন।
ঘটনার বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, "সেখানে বিভিন্ন সংগঠনের কর্মসূচি থাকায় কিছুটা ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ হয়নি।" পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
Comments