রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনা: ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করেছে। পাশাপাশি আরও চারজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ে অধিকতর তদন্ত এবং তিনজনকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম নিজ সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
অপরাধের ধরন ও মাত্রা বিবেচনা করে যাদের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন—বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম।
এ ছাড়া রাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, শাখা ছাত্রদলের সহ-সভাপতি তাকবীর আহমেদ ইমন, কর্মী সৈয়দ সাজহারুল ইসলাম ও তানিম রহমানের বিরুদ্ধে অভিযোগ অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে, শাখা ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহমান, শরীফুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করা হয়েছে।
গত রোববার (৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ওই ঘটনার পরদিন ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য সে সময় ঘোষণা দিয়েছিলেন যে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। নির্ধারিত সেই সময়সীমা শেষে বৃহস্পতিবার রাতে কমিটি প্রতিবেদন জমা দেয় এবং শুক্রবার সকালে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ক্যাম্পাসের সংবাদকর্মীরা তাদের প্রতিক্রিয়ায় জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন সরাসরি মামলা না করা পর্যন্ত প্রশাসনের সংবাদ বয়কট কর্মসূচি অব্যাহত থাকবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করায় উপাচার্যকে ধন্যবাদ জানান সাংবাদিকরা।
Comments